তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাস্টারপ্লান : সচিব

১৩ জুন, ২০২২ ১৩:১৯  
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাস্টারপ্লান তৈরি হচ্ছে বলে জানিয়েছেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ধারণা অনুযায়ী সেই বাংলাদেশে নারী কিংবা শারীরিক ভাবে অক্ষম কেউই পিছিয়ে থাকবে না। বাদ যাবে না কেউই। গার্লস ইন আইসিটি দিবস উপলক্ষে সোমবার আইসিটি টাওয়ারে অনুষ্ঠিত আলোচনা সভায় এমনটাই জানিয়েছেন তিনি। রুখসানা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং ডিরেক্টর জলি নূর হক। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মাদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো’র মহাপরিচালক কে এম তরিকুল ইসলাম, সিএসআইডি নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম এবং প্লান ইন্টারন্যাশনালের ডিরেক্টর ডেনিস ও প্রায়ান। আলোচনা সভা শেষে সিএসআইডি’র প্রশিক্ষণ বিভাগের সহকারি পরিচালক আনিকা রহমান লিপি, স্টারটেক ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ানা খান ও ঢাকা বিশ্ববিদ্যলায়ের অধ্যাপিকা লাফিফা জামাল-কে বর্ষসেরা প্রযুক্তি নারী ব্যক্তিত্বের সম্মাননা দেয় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, নারীদে প্রযুক্তিতে অন্তর্ভূক্তির অনেক সুযোগ রয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যে স্টেম শিক্ষা ব্যবস্থায় অধিক অন্তর্ভূক্তি প্রয়োজন। আর যেহেতু নারীরা হ্যাকারদের প্রধান টার্গেট; তাই মেয়েদের অনলাইন সেফটি নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এসময় গার্লস ইন আইসিটি দিবসকে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নিতে প্রয়োজনীয় গাইডলাইন তৈরির আগে দিবস উদযাপনে তথ্য ও প্রযুক্তি বিভাগ সবসময় তাদের পাশে থাকবে বলেও জানান তিনি। নারীদের নিয়েই বাংলাদেশ ২০৪১ সালের আগেই স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে মত দেন জ্যৈষ্ঠ সচিব। সূত্রমতে, ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’-এর তৃতীয় সভা ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১’ প্রত্যয় নিয়ে ১৪টি কর্ম-পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে ১৪টি সিদ্ধান্তসহ সভার কার্যপত্রে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় ‘স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ উপস্থাপন করেছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যেখানে তিনি ডিজিটাল বাংলাদেশ ২০২১ রূপকল্পের মতো স্মার্ট শিক্ষা, স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট কৃষি, স্মার্ট বাণিজ্য, স্মার্ট পরিবহন ইত্যাদি বিষয়ে উপস্থাপনা দেন। জানাগেছে, এখন তথ্যপ্রযুক্তি বিভাগের মাধ্যমে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং উদ্ভাবনী জাতি হিসেবে প্রতিষ্ঠায় স্মার্ট বাংলাদেশ-২০৪১ ভিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠিত হবে।